ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

নির্বাচনে ধানের শীষের জোয়ার নয়, সুনামি আসছে।

অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার নয়, বরং এক সুনামি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সুনামির মধ্যে দিয়ে সব অপশক্তি ভেসে যাবে এবং ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত হবে

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া বাস স্ট্যান্ড ও সাতকানিয়া রাস্তার মাথায় বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।আমীর খসরু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আন্দোলন শেষ হয়নি। আন্দোলন শেষ হবে ১২ তারিখে, যখন ভোটের ফলাফল আমাদের হাতে আসবে।” তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কেন্দ্র পাহারা না দিলে অর্জিত সাফল্য হারাতে পারে। এছাড়া রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি সংসদে ভদ্র ও যোগ্য মানুষের প্রতিনিধিত্বের আহ্বান জানান।

তিনি সাতকানিয়া-লোহাগাড়া এলাকা শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি হিসেবে উল্লেখ করে এখানে ধানের শীষের বিপ্লব ঘটানোর জন্য আহ্বান জানান

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ভোট দিয়ে যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠাবেন। সমাবেশের সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন, যেখানে জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন