ঢাকা বুধবার, ৪ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

অনলাইন ডেস্ক

ছবি : ..

সীতাকুণ্ডের সোনাইছড়ি চৌধুরীঘাটার আবুল খায়ের স্টিল মিলে একদল ডাকাত হামলা, লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে।কারখানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ১৫ জনের একটি ডাকাতদল প্রথমে কারখানার দক্ষিণ পাশ দিয়ে প্রবেশের চেষ্টা করে। আনসার ও নিরাপত্তাকর্মী এবং কারখানায় থাকা কর্মচারীরা এগিয়ে এলে ডাকাতদল পিছু হটে। তবে তারা চলে না গিয়ে রেললাইন থেকে ইট-পাথর নিয়ে নিক্ষেপ করতে করতে রাত একটার দিকে আগাতে থাকে। ডাকাতদল কারখানার প্রধান ফটকে পুনরায় আক্রমণ চালায়। তাদের ওই হামলায় কারখানার সামনের কাচ ভেঙে যায়, অফিসের আসবাব ক্ষতিগ্রস্ত হয়। ডাকাতদল নিরাপত্তা গেট ভেঙে ফেলার চেষ্টা করে। আবারও আনসার সদস্য এবং নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে খবর পেয়ে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। কারখানার ব্যবস্থাপনা ইনচার্জ অভিযোগ করেন, এই চক্রটি এর আগেও কয়েকবার হামলা চালিয়েছে। তারা মূল্যবান লোহা, তামা, পিতল, তামার ওয়্যার, মোটর, ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এসব ঘটনায় থানায় মামলা করলে তারা আরও বেপরোয়া হয়ে হামলা করে।

কারখানার ডিজিএম ইমরুল কায়েস ভূঁইয়া আমাদের সময়কে জানান, ডাকাতদলটি বারবার কারখানার লোহা লুটপাট করে। গতকালও তারা লোহা, তামার পাশাপাশি অফিস থেকে টাকা-পয়সা লুট করতে চেয়েছিল। গ্রামবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।সীতাকুণ্ড থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

এই বিভাগের আরও
আরও পড়ুন