The Daily Chattogram
১১ নভেম্বর ২০২৬ সোমবার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় গত পাঁচ দিন ধরে বসবাসের অনুপযোগী ঘরে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার।
গত ৩ নভেম্বর সকাল ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকার চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেজাউল করিম মানিক, নুর করিম, সুজনসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খোরশিদা আক্তার।
অভিযোগে খোরশিদা আক্তার জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন। তাঁদের পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী রেজাউল করিম মানিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। এ নিয়ে তাঁর ভাই মো. ইউসুফ কয়েক মাস আগে আদালতে মামলা করেছেন, যা বর্তমানে চলমান।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৩ নভেম্বর সকালে পরিবারের সদস্যরা পুরোনো বসতঘর ভেঙে নতুন করে নির্মাণের চেষ্টা করলে অভিযুক্তরা ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এতে তাঁর মা হাসিনা আক্তার ও ভাবি রুনা আক্তার আহত হন। পরে তাঁদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
খোরশিদা আরও অভিযোগ করেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। প্রথমে ভাঙচুরে জড়িত কয়েকজনকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা আবার ফিরে এসে ভাঙচুর ও লুটপাট চালান বলে দাবি করেন তিনি।
এ ছাড়া দুটি গরু, দুটি স্মার্টফোন ও ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন খোরশিদা। তাঁর দাবি, গরু দুটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা এবং তাঁর ও ভাবির জমানো ৭০ হাজার টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে তাঁকে ও তাঁর ভাবিকে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
খোরশিদার ভাই মো. ইউসুফ বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি। রেজাউল করিম পোড়া সনের একটি জাল দলিল তৈরি করে কয়েক বছর আগে জায়গাটি জবরদখল করে নেন। একপর্যায়ে মামলা-মোকদ্দমা না করে ১০ লাখ টাকা নিয়ে জায়গাটি আমাদের বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। সেই অনুযায়ী আমরা অনেক কষ্ট করে টাকা জোগাড় করি। পরে তিনি জায়গা দিতে অস্বীকার করেন।’

তবে অভিযোগ অস্বীকার না করে ঘর ভাঙচুরের বিষয়টি স্বীকার করেছেন প্রধান অভিযুক্ত রেজাউল করিম মানিক। তিনি বলেন, ‘জায়গাটি আমি দীর্ঘদিন আগে কিনেছি। চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ভোগদখলে থাকা অবস্থায় কয়েক দিন আগে হঠাৎ করে তাঁরা সেখানে একটি ঘর তুলে ফেলেন।’ ঘর ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, সেখানে যা করা হয়েছে, তা তাঁদের এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শ অনুযায়ী করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘ভাঙচুরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে দুই পক্ষকে বিচ্ছিন্ন করে দুই দিকে পাঠিয়ে দেয়। উভয় পক্ষকে জমির মালিকানা আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য বলা হয়েছে। তবে এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’